দেশীয় ব্র্যান্ড ওয়ালটন ১৩টি নতুন মডেলের হাইব্রিড সোলার আইপিএস সলিউশন নিয়ে এসেছে। ওয়ালটনের নতুন মডেলের হাইব্রিড সোলার আইপিএস সলিউশন শক্তিশালী পারফরমেন্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ ও সোলার প্যানেলের সাহায্যে পরিবেশবান্ধব, নবায়নযোগ্য ও টেকসই বিদ্যুৎ সরবরাহের সুবিধা দেবে। এতে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি গ্রাহকরা পরিবেশ সুরক্ষায় অবদান রাখতে সক্ষম হবেন, দাবি ওয়ালটনের।
গ্রাহকদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ওয়ালটনের ‘আর্ক’(arc) ব্র্যান্ডের ১২০০ ভোল্ট-অ্যাম্পিয়ার, ২০৫০ ভোল্ট-অ্যাম্পিয়ার, ৩০০০ ভোল্ট- অ্যাম্পিয়ার ও ৫৫০০ ভোল্ট-অ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন হাইব্রিড সোলার আইপিএস সলিউশন বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে। এগুলো বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত। বিশেষ করে কৃষি ও উৎপাদনভিত্তিক ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ উদ্যোগগুলোতে পরিবেশবান্ধব সাশ্রয়ী বিদ্যুতের জন্য ওয়ালটনের এই হাইব্রিড সোলার আইপিএস সলিউশন সিস্টেম বেশ কার্যকর।
ওয়ালটনের সোলার হাইব্রিড আইপিএস মডেলগুলোর বিশেষ সুবিধা হলো এগুলোর কাস্টমাইজেশন অপশন। গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী এই মডেলগুলোর কনফিগারেশন পরিবর্তন করেও অর্ডার করতে পারবেন। এ ছাড়া রয়েছে অনগ্রিড ও অফগ্রিড সুবিধা। প্রতিটি মডেলের সঙ্গে সোলার প্যানেল হিসেবে ব্যবহৃত হচ্ছে এআরসি মনো আরটিএম২০১০এম ও আরসি মনো আরটি৭১-৪৫০এম। এই শক্তিশালী প্রযুক্তি কর্মক্ষমতা, দ্রুত চার্জিং ও দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করে। এ ছাড়া এই সোলার হাইব্রিড আইপিএস মডেলগুলো বিদ্যুৎ বিভ্রাট বা ভোল্টেজ ওঠানামার সময়েও নিরবচ্ছিন্ন শক্তি সরবরাহ করতে সক্ষম। এই প্রযুক্তি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, অফিস, হোটেল, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও অন্যান্য সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ অপারেশনাল সিস্টেম ও বৈদ্যুতিক যন্ত্রপাতি সুরক্ষিত রাখতে সহায়ক। সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত পৃথিবী নিশ্চিত করতে সক্ষম হবেন।
এ প্রসঙ্গে ওয়ালটনের কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, ‘সাশ্রয়ী, নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে আমরা নতুন হাইব্রিড সোলার আইপিএস সলিউশন নিয়ে এসেছি। এই প্রযুক্তি একসঙ্গে সৌরশক্তি ও গ্রিড বিদ্যুৎ থেকে স্মার্ট ইনভার্টারের মাধ্যমে ব্যাটারি চার্জ করবে। এতে বিদ্যুৎ খরচ সাশ্রয়ের পাশাপাশি দীর্ঘসময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে।’
তিনি জানান, ওয়ালটনের হাইব্রিড সোলার আইপিএস সলিউশন মডেলগুলো বর্তমানে ৭৯ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত ভিন্ন ভিন্ন কনফিগারেশন ও দামে পাওয়া যাচ্ছে। সোলার প্যানেলের জন্য ২০ বছরের ওয়ারেন্টি, ব্যাটারির জন্য ১২ মাস ও সোলার ইনভার্টারের জন্য ১৮ মাসের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। এতে গ্রাহকরা দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য সেবা পাবেন।
নতুন এই হাইব্রিড সোলার আইপিএস সলিউশন এখন ওয়ালটন প্লাজা এবং ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সহজেই কেনা যাবে।