ট্রাকে পাথরের আড়ালে পাঁচ কেজি ১০০ গ্রাম হেরোইন পাচারকালে মো. জামাল হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযান চালিয়ে সেই পাথরবোঝাই ট্রাক ও হেরোইন জব্দ করা হয়েছে। জব্দ করা ওই হেরোইনের আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি ১০ লাখ টাকা।
গ্রেপ্তার যুবক মো. জামাল হোসেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক বাগানবাড়ির গ্রামের তেনু হোসেনের ছেলে। তিনি মাদক কারবারি বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযানের পর মঙ্গলবার (৭ মে) দুপুরে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান।
তিনি বলেন, নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কে অভিযান চালানো হয়। এ সময় আটক করা হয় মো. জামাল হোসেন (২০) নামে ওই মাদক কারবারিকে।
ফজলুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সোমবার রাত সাড়ে ১০টার দিকে প্রথমে কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কে অবস্থান নেন। এ সময় সন্দেহজনক ওই পাথরবোঝাই ট্রাকটিকে সংকেত দিয়ে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের মধ্যে পুরোনো কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ৫১ প্যাকেটে মোট ৫ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জামাল হোসেন সীমান্ত জেলা দিয়ে হেরোইনের এ বিশাল চালানটি অন্যত্র পাচার করছিলেন।
এ ঘটনায় হেরোইন পাচারের দায়ে পরে ১৫ হাজার ১১০ কেজি পাথরসহ ওই ট্রাকটিও জব্দ করা হয়। ওই যুবককে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। আর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে এ মাদক চক্রের অন্য হোতাদের সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাই বর্তমানে তাদেরও নজরদারিতে রাখা হয়েছে। তাদের আটক করতে যেকোনো সময় অভিযান চালানো হবে বলে উল্লেখ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন এ কর্মকর্তা।
এনায়েত করিম/এমএ/