ময়মনসিংহের ভালুকায় এনা পরিবহনের বাস ও ডাম্পট্রাকের সংঘর্ষে বাসের চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম মো. স্বপন খান (৫৫)।
শনিবার (২৯ জুন) সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢালিবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্বপন খানের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার সাঙ্গর এলাকায়।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সিডস্টোর বাজার ঢালিবাড়ী মোড়ে বালুবাহী ডাম্পট্রাক ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী এনা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসচালক স্বপন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
শফিকুল ইসলাম বলেন, ‘গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
কামরুজ্জামান/পপি/অমিয়/