কারফিউর সময় জন্ম নেওয়ায় ঠাকুরগাঁওয়ে এক দম্পতি তাদের সন্তানের নাম রেখেছেন কারফিউ। গত ২২ জুলাই সন্ধ্যা ৬টায় জন্ম হয় শিশুটির।
শিশুটির বাবা রহিম শুভ বলেন, ‘গত ২২ জুলাই আমার ছেলে সন্তানের জন্ম হয়েছে। সে দিন ঠাকুরগাঁওয়ে কারফিউ ছিল। জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন বাসা থেকে বের হতে পারছিলেন না। আমি যখন আমার স্ত্রীকে নিয়ে ক্লিনিকের উদ্দেশে রওনা দেই, তখন সেনাসদস্যরা আমাদের পাঁচবার থামিয়ে বাসা থেকে বের হওয়ার কারণ জিজ্ঞেস করেন। সবশেষে আমাদের ক্লিনিকে যাওয়ার সুযোগ দেওয়া হয়। তবে আমার পরিবারের অন্য সদস্যরা, আত্মীয়স্বজন, এমনকি আমার মা নবজাতক নাতিকে দেখতে ক্লিনিকে যাওয়ার সুযোগ পাননি। এতে আমাকে এবং আমার স্ত্রীকে অনেক কষ্ট করতে হয়। আমি এই সংগ্রামী সময় ও ঘটনাটিকে মনে রাখতে চেয়েছিলাম। তাই আমার ছেলের নাম কারফিউ রেখেছি।’
কারফিউর মা ইফতি আক্তার বলেন, ‘আমার প্রথম সন্তান। আমি আমার সন্তানের জন্মক্ষণ চিরকাল মনে রাখতে চাই। তাই আমার সন্তানের বাবা যে নামটি রেখেছেন, সেটাতে আমার সম্মতি রয়েছে।’
ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণকেন্দ্রের মেডিকেল অফিসার লাবণী বসাক বলেন, ‘পরিস্থিতি যেমনই হোক, আমরা একজন সেবাগ্রাহিতাকে সেবা দিতে সর্বদা প্রস্তুত থাকি। সে দিন শহর, তথা দেশের পরিস্থিতি উত্তপ্ত ছিল। তবে আমরা স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত ছিলাম। সে দিন শিশুটির সিজারের মাধ্যমে জন্ম হয়। মা ও শিশু সুস্থ ছিল।’