কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যার্ত মানুষদের জন্য মেডিকেল ক্যাম্প, আর্থিক সহায়তা এবং প্রান্তিক খামারিদের গোখাদ্য দিয়েছে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফফএইচ) এবং ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশন (টিসিএফ)।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) উপজেলার নাইঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় ৮০০-এর অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। ডা. মো. কামরুল হাসানের নেতৃত্বে ৪ সদস্যের চিকিৎসকের দল চিকিৎসা দেন। এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ জনকে ১০০০ টাকা করে এবং ৩০ জন প্রান্তিক খামারির প্রত্যেককে ২৫ কেজি গোখাদ্য দেওয়া হয়। এ সময় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করা হয়।
কেএফফএইচের চেয়ারম্যান শামসুল ইসলাম কিরন জানান, বন্যা-পরবর্তী সময়ে বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়ে। তাই রোগীদের সহায়তায় মেডিকেল ক্যাম্পিং আয়োজন করা হয়। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা করার জন্য অন্যান্য সাপোর্ট দেওয়া হয়।
টিসিএফের প্রতিষ্ঠাতা এবং কেএফফএইচের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনিরুল ইসলাম মিলন বলেন, ‘এ বছর বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেশের সর্বস্তরের মানুষ যেভাবে এগিয়ে এসেছে বন্যা-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের মানুষদের একইভাবে এগিয়ে আসতে হবে।’
ব্রাহ্মণপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স.ম. আজহারুল ইসলাম ব্রাহ্মণপাড়ায় বন্যাদুর্গতদের সহায়তার জন্য কেএফএইচ ও টিসিএফকে ধন্যবাদ জানান।
সাবেক সচিব ও কেএফএইচের উপদেষ্টা মো. আনোয়ারুল ইসলাম সিকদার অত্যন্ত সময়োপযোগী মানবিক উদ্যোগের জন্য আয়োজক দুই সংগঠনেকে ধন্যবাদ জানান।
এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিক, মো. আশরাফ উদ্দিন, রফিকুল ইসলাম জিমি, এ কে এম রফিকুল ইসলাম, নাইমুল ইসলামসহ আয়োজক দুই সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সালমান/