বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে ‘এফবি আল্লাহর দান-৩’ নামে একটি মাছ ধরার ট্রলারে জলদস্যুদের গুলিতে এর হেড মাঝি মোকাররম হোসেন নিহত হয়েছেন।
বুধবার (৬ নভেম্বর) রাতে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
নিহত মোকাররম কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের বাসিন্দা।
দেলোয়ার হোসেন জানান, ‘এফবি আল্লাহর দান-৩’ ট্রলারটির মালিক বাঁশখালীর ইসমাঈল বহদ্দার। ২১ জন জেলের মধ্যে হেড মাঝিকে গুলি করলে তিনি ঘটনাস্থলে মারা যায়। তার মরদেহ নিয়ে অপর এক জেলে বাঁশখালীর উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ।
তিনি আরও জানান, রাতেই ট্রলারটি নিয়ন্ত্রণ নেয় সোনাদিয়া উপকূলের জলদস্যুরা। কিন্তু কোন জলদস্যু বাহিনী এ ঘটনা ঘটিয়েছে তা স্পষ্ট নয়। বাকি জেলেদের ভাগ্যে কী ঘটেছে তাও এখনো অনিশ্চিত। প্রশাসনের সহায়তা চাওয়া হয়েছে। তারা হয়তো ব্যবস্থা নেবে।
মুহিববুল্লাহ মুহিব/সাদিয়া নাহার/অমিয়/