সিলেট সীমান্তের জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীন এলাকায় পৃথক অভিযানে ৩০ রাউন্ড ছররা গুলি, একটি ভারতীয় এয়ারগানসহ অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। চোরাই পণ্যের মধ্যে কাপড়, শাড়িসহ চা পাতা ও চিনি রয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) সকালে জৈন্তাপুর উপজেলার লালাখাল, কানাইঘাটের সুরাইঘাট, লোভাছড়া ও সোনারখেওর এলাকায় এসব অভিযান চালানো হয়।
রবিবার (১৭ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় পৃথক পৃথক আভিযানিক টহল দল অভিযান পরিচালনা করে। এ সকল অভিযানে বিজিবির টহল দল মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ১৫ গজ ভারতীয় থান কাপড়, ৭৫পিস কাতান শাড়ি, ২৪২ গজ মখমল থান কাপড়, এক লাখ পিস ভারতীয় সিগারেট, ৫ হাজার ৪০ প্যাকেট পাতার বিড়ি, এক হাজার ৪৫০ কেজি ভারতীয় চিনি, ৩১২ কেজি চা পাতা, চারটি গরু এবং ১৪ হাজার ৪০০ পিস সুপারি জব্দ করে। বর্তমান বাজারদর অনুযায়ী জব্দ করা মালামালের মূল্য ৫১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।
রবিবার বেলা পৌঁনে ১১টার দিকে কানাইঘাট উপজেলার মিকিরপাড়া এলাকা থেকে একটি ভারতীয় এয়ারগান ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সীমান্ত পিলার ১৩৩২ থেকে ৫০০গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। গুলি ও এয়ারগান কানাইঘাট থানা হেফাজতে দেওয়া হয়েছে। জব্দ করা চোরাচালানির মালামাল কাস্টমসে জমা দেওয়া হবে।
মাহফুজ/এমএ/