চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়ক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মান ঠিক না থাকলে বিল না দেওয়ার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
এ ছাড়া, প্রায় আড়াই হাজার কোটি টাকার এ প্রকল্পের কাজে কেউ অবৈধ লেনদেন করলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি।
বুধবার (২০ নভেম্বর) নগর ভবনের কনফারেন্স রুমে প্রকৌশলী এবং এই প্রকল্পের ঠিকাদারদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন চসিক মেয়র।
বৈঠকে মেয়র বলেন, এই শহর আমার আপনার সবার। এখানকার রাস্তা দিয়ে আমাদের ছেলে-মেয়েরা, আত্মীয়-স্বজন ও পরবর্তী প্রজন্ম হাঁটবে। তাই কাজের গুণগতমান শতভাগ ঠিক রাখতে হবে।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে মেয়র বলেন, দ্রুতই সমস্ত প্রকল্প পরিদর্শন করে রাস্তার গুণগতমান ও মালামাল যাচাই করে জানাবেন। আপনারা যারা ভালো কাজ করেছেন, তাদের বিল দিয়ে দেওয়া হবে। আর যারা খারাপ কাজ করছেন, তাদের শাস্তির আওতায় আনা হবে। এখানে কোনো ছাড় দেওয়া হবে না।
বৈঠকে ঠিকাদাররা অভিযোগ করে বলেন, পূর্বের কাউন্সিলররা ঘুষ নিতেন এবং ঘুষ না দিলে কাজে বাধা সৃষ্টি করা হতো।
এ প্রসঙ্গে মেয়র বলেন, আপনারা কেউ কোনো টাকা ঘুষ দেবেন না। কোন কোন কাউন্সিলর আপনাদের কাছ থেকে টাকা নিয়েছে, তার তালিকা দেবেন। যদি কোনো কর্মকর্তা আপনাদের কাছে টাকা দাবি করে সরাসরি আমাকে জানাবেন। তাকেও শাস্তির আওতায় আনব।
এ ছাড়াও বৈঠকে ঠিকাদাররা দ্রুত বকেয়া বিল ছাড় করার দাবি জানান।
তাওফিক/অমিয়/