বান্দরবান থেকে রুমায় সেতুর পাটাতন খুলে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) সকালে বান্দরবান-রুমা সড়কের ক্যক্ষংঝিরি এলাকার সেতুর পাটাতন খুলে যায়।
এ সময় দুইপাশে আটকা পড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি। ফলে যাত্রী, বাস ও মালামাল পরিবহনের চালকরা দুর্ভোগে পড়েছেন।
রুমা উপজেলা পরিবহন শ্রমিক সমিতির লাইনম্যান আবু বক্কর বলেন, সকাল ৮টার দিকে একটি গাড়ি পার হওয়ার সময় সেতুর পাটাতন খুলে যায়। এতে গাড়িটির কোনো ক্ষতি হয়নি। তবে এই সেতু দিয়ে আর কোনো যানবাহন চলাচল করতে পারছে না। আর যাত্রীরা হেঁটে সেতু পারাপার হচ্ছেন। সেতুর দুই পাশ থেকে যাত্রীবাহী বাস চলাচল করছে।
গাড়িচালকরা জানান, শনিবার রাতেও সেতু দিয়ে গাড়ি চলাচল করেছে। সকালে রুমার উদ্দেশে ছেড়ে যাওয়া যানবাহনগুলো ৮টার পর আর রুমা সদরে যেতে পারেনি।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, ওই এলাকায় দায়িত্বরতদের দ্রুত মেরামতের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
রিজভী রাহাত/জোবাইদা/অমিয়/