সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলন ও বর্তমান অবস্থা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেট। বুধবার (১১ ডিসেম্বর) নগরীর ধোপাদিঘীর পাড়ের হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি সিলেটের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতারের পরিচালনায় সভায় সিলেটের বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করে।
সভায় মুক্ত আলোচনায় সিলেটের বিভিন্ন জেলা উপজেলায় অবৈধভাবে পাথর উত্তোলন ও বর্তমান অবস্থা এবং করণীয় নিয়ে আলোচনা হয়। সভায় সাংবাদিকরা পূর্বের প্রেক্ষাপট ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা করে এবং বেলার পক্ষ থেকে পাথর উত্তোলন ও ওইসব এলাকার বর্তমান অবস্থা যথাযথ জরিপ করার আহ্বান ও বিভিন্ন সুপারিশও প্রদান করে।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সিলেটের বিভাগীয় প্রধান আইনজীবী সৈয়দা শিরীন আক্তারের সভাপতিত্বে সভায় পাথর উত্তোলনের ফলে পরিবেশের বিভিন্ন ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. সফিকুল ইসলাম ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মিসবাহ উদ্দিন। এছাড়াও বেলার নেটওয়ার্ক মেম্বার অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী এ সংক্রান্ত বিভিন্ন আইনি বিষিয় নিয়ে আলোচনা করেন।
সাংবাদিকদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দীকি, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী, সমকাল প্রতিনিধি ফয়সল আহমদ বাবলু, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের দেবাশিষ দেবু, দৈনিক কালের কণ্ঠের ইয়াহিয়া ফজল, ডিবিসি নিউজের প্রত্যুষ তালুকদার, বণিক বার্তার নূর আহমদ, দ্য ডেইলি স্টারের দোহা চৌধুরী, দৈনিক খবরের কাগজের নিজস্ব প্রতিবেদক শাকিলা ববি, ৭১ টিভির হুসাইন আহমদ সুজাদ, আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক ইয়াহিয়া মারুফ, বিডি নিউজ টুয়েন্টিফোরের বাপ্পা মিত্র প্রমুখ।
শাকিলা ববি/মাহফুজ/এমএ/