‘হাওরপাড়ের প্রকৃতি ও প্রাকৃতজন’ স্লোগানকে সামনে রেখে হাওর এলাকার গাছ, মাছ, পাখি রক্ষায় সচেতনতা বাড়াতে সুনামগঞ্জের প্রত্যন্ত হাওর এলাকায় দুই দিনব্যাপী আর্ট ক্যাম্প শুরু করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ধর্মপাশা উপজেলার দিগজান হিজল-করচ বাগানে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন।
আয়োজন সম্পর্কে আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল বলেন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিকড় থেকে শিখরে যাওয়ার যে প্রয়াস, সেই প্রয়াসকে সমানে রেখে এই আয়োজন। এই গ্রামের তরুণরা গ্রামের পাশের হাওরে ১ হাজার ৩০টি হিজল-করচ গাছের চারা রোপণ করেছেন। আমরা চাই সুনামগঞ্জের হাওর এলাকার প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সবাই কাজ করুক। তাই তরুণদের এমন উদ্যোগকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং তাদের কাজকে উৎসাহ দিতেই একদম হাওর জনপদে এসে কাজ করেছি। এ কাজের সঙ্গে যুক্ত চিত্রশিল্পীরা বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। এই চিত্রশিল্পীদের রং-তুলিতে হাওর এলাকার জীববৈচিত্র্য রক্ষা সারা দেশে গুরুত্ব পাবে।’
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘সবাই মিলে হাওরপাড়ের প্রকৃতিকে রক্ষা করতে হবে। পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না। পরিবেশের ক্ষতি করে আমরা কখনো সুস্থ ও ভালো থাকতে পারব না। সুনামগঞ্জের গাছ, মাছ ও পাখিসহ জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন কাজ করে যাচ্ছে। সুনামগঞ্জের হিজল-করচগাছ এবং সর্বোপরি পরিবেশ রক্ষায় কাজ করে যাব।’
আর্ট ক্যাম্পে অংশ নেওয়া ১০ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাওরের প্রকৃতির সৌন্দর্য চিত্রাঙ্কন করেন এবং জেলা প্রশাসক সেগুলো ঘুরে দেখেন। জেলা প্রশাসক সেই সঙ্গে হিজল-করচ বাগানে নতুন করে গাছ লাগান।
অনুষ্ঠানে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনুর আলী, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মামুন হাওলাদার, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম ও জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলসহ অনেকেই উপস্থিত ছিলেন।