প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে ফেনী জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সহ-সমন্বয়ক ওমর ফারুক শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার দিকে শহরের মডেল থানা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওমর ফারুক সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের জগতজীবনপুর গ্রামের বাসিন্দা।
এর আগে গত আগস্টে আন্দোলনে শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে জড়িত থাকায় তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলার সহ-সমন্বয়ক পদ থেকে বহিষ্কার করা হয়। তার পরও বিগত কয়েক মাস ধরে জেলার অন্য সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়েই শুভকে বিভিন্ন কর্মসূচি ও সভা-সমাবেশে অংশ নিতে দেখা গেছে।
মামলার এজাহার থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান রিজভীর নাম ভাঙ্গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক পরিচয়ে ফেনীর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাহমুদুল হাসানের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন ওমর ফারুক। এ সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
অডিওতে ফারুক দাবি করেন, হোয়াটসঅ্যাপে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হয়। তথ্য উপদেষ্টা নাহিদের এপিএস তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করেন। কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহবুব ও আব্দুল কাদেরের নির্দেশনা অনুযায়ী তিনি চাঁদা দাবি করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নাম ভাঙ্গিয়ে প্রতারণা করে চাঁদা দাবি করার লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দুপুরে আদালতে পাঠানো হবে।’
তোফায়েল/সুমন/পপি/