কুষ্টিয়া সরকারি কলেজের ‘৯৬ ব্যাচ ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে ৪৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে কুষ্টিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি দেওয়া হয়।
এই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোল্লা মোহাম্মদ রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, ‘জীবনের লক্ষ্য অর্জনে দরিদ্রতা কখনো বাধা হতে পারে না বরং যারা দরিদ্রতার ছোঁয়া পেয়েছে, তারাই জীবনে বেশি সফলতা অর্জন করেছে। তাই বড় হতে হলে বিত্তবান লোকের সন্তান হতে হয় না, হতে হবে অধ্যবসায়ী, পরিশ্রমী এবং মেধাবী।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের হতাশা ও বিলাসিতা পরিহার করে জীবনের লক্ষ্য পূরণে এগিয়ে যেতে হবে। এটাই হবে সবার জন্য জীবনযুদ্ধ। এ যুদ্ধে জয়ী হতেই হবে। আজকের এই শিক্ষা বৃত্তি পেয়ে শিক্ষার্থীদের দায়িত্ব আরও বেড়ে গেল। শিক্ষাজীবন শেষে তোমাদেরকেও দরিদ্র-অসহায় মানুষের কল্যাণে কাজ করতে হবে।’
আয়োজকরা জানান, যে সমস্ত শিক্ষার্থীরা গরিব ও মেধাবী কিন্তু অর্থের অভাবে ঠিকমত লেখাপড়া করতে পারছে না তাদের পাশে দাঁড়িয়েছে কুষ্টিয়া সরকারি কলেজের ‘৯৬ ব্যাচ ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। এ ধারা অব্যাহত থাকবে বলেও সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।
অনুষ্ঠানে অনলাইন বক্তব্যে সংগঠনের সভাপতি আমেরিকা প্রবাসী সাদিক রহমান বলেন, ‘আজকের এই বৃত্তি পিছিয়ে পড়া ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে বলে বিশ্বাস করি। মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য। আজকে তোমরা যারা মেধাবী তারা এক সময় বড় হয়ে মানুষের মতো মানুষ হবে এবং সবাই ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে এটাই কামনা করি।’
এছাড়াও সংগঠনের সহসভাপতি কাজী এনামুল হক ঝংকারের সভাপতিত্বে ও ড. শর্মিষ্ঠা হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম জালাল উদ্দীন, কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান (অবসরপ্রাপ্ত) অধ্যাপক সাবিহা সুলতানা ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান (অবসরপ্রাপ্ত) অধ্যাপক মো. ইয়ার আলী।
সংগঠনটির আয়োজক কমিটির আহ্বায়ক মো. আনোয়ারুল করিম, প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার হাবিবুর রহমানসহ সদস্য সচিব শিশির প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সুমন/