বাগেরহাটের মোংলা বন্দরে ১৯০টি কনটেইনার নিয়ে ৭ দশমিক ৫০ মিটার ড্রাফটের জাহাজ ‘এমভি পাকান্ডা এন্টিগুয়া’ জেটিতে ভিড়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বারমুডা পতাকাবাহী ১৪২ দশমিক ৭০ মিটার দৈর্ঘ্যের কনটেইনার জাহাজটি বন্দরের ৭ নম্বর জেটিতে ভেড়ে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান।
মোংলা বন্দর কর্তৃপক্ষের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত পশুর চ্যানেল ও জেটি ফ্রন্টে ড্রেজিংয়ের ফলে ৮ মিটার গভীরতার জাহাজ ভেড়ানো সম্ভব হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়ার পতাকাবাহী এমভি মেলিনা নামে আরেকটি জাহাজ রূপপুর পাওয়ার প্ল্যান্টের জেনারেল কার্গো (মেশিনারি) নিয়ে বন্দরের ৯নং জেটিতে অবস্থান করছে। তা ছাড়া পানামার পতাকাবাহী ১৮৬ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ১০ মিটার গভীরতার কনটেইনারবাহী ‘মার্কস ঢাকা’ ২০৭টি কনটেইনার নিয়ে ৮ নম্বর জেটিতে ভিড়বে।
উপ-পরিচালক মো. মাকরুজ্জামান বলেন, ২০২৫ সালের ১ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোংলা বন্দরে ২৮টি বাণিজ্যিক জাহাজ ভিড়েছে। আজ পোর্ট লিমিটের মধ্যে ১৮টি বাণিজ্যিক জাহাজ রয়েছে।
২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে মোংলা বন্দর দিয়ে ৪১৩টি বাণিজ্যিক জাহাজ আসে। এগুলো দিয়ে ১০ হাজার ৩৮৬টি কনটেইনার হ্যান্ডলিং করা হয়, গাড়ি বহনকারী ১০টি জাহাজের মাধ্যমে ৫ হাজার ৬৩৭টি গাড়ি আমদানি হয়। এ সময়ে বন্দর দিয়ে ৫২ লাখ ৮৪ হাজার ৪৭১ মেট্রিক টন পণ্য আমদানি-রপ্তানি হয়। এতে ২১০ কোটি টাকা রাজস্ব আয় হয়।
২০২২-২০২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২০২৪ অর্থবছরের প্রবৃদ্ধি যথাক্রমে বিদেশি বাণিজ্যিক জাহাজের ক্ষেত্রে ২ দশমিক ৩০ শতাংশ, কার্গো ৯ দশমিক ৭২ শতাংশ, কনটেইনার ১৬ দশমিক ৭৮ শতাংশ এবং গাড়ির ক্ষেত্রে ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
রিফাত মাহামুদ/জোবাইদা/অমিয়/