ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় রুবিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।
রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রুবিনা বেগম সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার রাধানগর গ্রামের ফয়েজ আহমেদের স্ত্রী। তিনি সপরিবারে বাউশিয়া শান্তিনগর এলাকায় ভাড়া থেকে আনোয়ার সিমেন্ট সিট ইন্ডাস্ট্রিতে রাঁধুনী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানায়, বাউশিয়া আনোয়ার সিমেন্ট সিট ইন্ডাস্ট্রির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন রুবিনা বেগম। এ সময় ঢাকামুখী লেনে দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে গুরতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এস.এম. রাশেদুল ইসলাম বলেন, মরদেহ ও ঘাতক মাইক্রোবাসটি বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। মাইক্রোবাসটির চালক ওমর ফারুককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সুমন/মেহেদী/