পঞ্চগড়ে মায়ের ডাকে সাড়া দিতে গিয়ে তিনতলার ছাদ থেকে পড়ে সোলায়মান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে জেলা শহরের ডোকরোপাড়া এলাকার প্রাইম ডায়াগনস্টিক কমপ্লেক্স অ্যান্ড ক্লিনিকে এ ঘটনা ঘটে।
নিহত সোলায়মান পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের ধনীপাড়া এলাকার কাঠমিস্ত্রি রহিবুল ইসলামের একমাত্র ছেলে।
জানা গেছে, মায়ের সঙ্গে সদ্য ভূমিষ্ঠ খালাতো ভাইকে পঞ্চগড় জেলা শহরের প্রাইম ক্লিনিকে দেখতে গিয়েছিল পাঁচ বছর বয়সী সোলায়মান। এক পর্যায়ে ক্লিনিকের তিনতলায় উঠে পড়ে ঘোরাঘুরি করছিল সে। পরে তার মা সালমা বেগম ছেলেকে দেখতে না পেয়ে ক্লিনিকের আশপাশে খুঁজতে শুরু করেন। এ সময় শিশু সোলায়মানের নাম ধরে ডাক দিলে ক্লিনিকের তিনতলার বারান্দা থেকে নিচে উঁকি মারতে গিয়ে ছাদ থেকে পাশের একটি একতলা ভবনের ছাদে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তক্ষরণ হতে থাকে তার। পরে স্বজনদের সহযোগিতায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির চাচাতো চাচা আসাদুল ইসলাম জানান, ওই প্রাইভেট ক্লিনিকে রবিবার (২৬ জানুয়ারি) সোলায়মানের খালা অরিফা খাতুনের একটি ছেলেসন্তান হয়। দুপুরে সোলায়মান তার খালাতো ভাইকে দেখতে আসে। তিনতলার বারান্দায় যে কখন উঠেছিল কেউ বলতে পারে না। তাকে দেখতে না পেয়ে ক্লিনিকের নিচ থেকে ভাবি সোলায়মানকে ডাক দেয়। এ সময় তিনতলার ছাদ থেকে উঁকি দিতে গিয়ে সে পড়ে যায়। পরিবারের পক্ষ থেকে আমাদের কোনো অভিযোগ নেই।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচএসএম সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা মরদেহের সুরতহাল করেছি। শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত তাদের কোনো অভিযোগ পাইনি।
রনি মিয়াজী/মেহেদী/