চট্টগ্রামের আসাদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ওই এলাকার চামড়া, আলকাতরা ও রঙেরসহ ছয়টি গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক ২৫ লাখের বেশি টাকার ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
শুক্রবার (৩১ জানুয়ারি) ভোর ৬টা ২০ মিনিটে নগরের আসাদগঞ্জে আগুন লাগার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক।
তিনি জানান, শুক্রবার ভোরে আসাদগঞ্জের ওমর আলী মার্কেটের একটি চামড়ার গুদামে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগে। খবর পেয়ে তাদের একটি ইউনিট সেখানে পৌঁছায়। আগুনের উত্তাপ বেশি হওয়ায় আরও ইউনিটকে খবর পাঠানো হয়। একে একে সেখানে নগরের পাঁচটি স্টেশন থেকে ৯টি ইউনিট পৌঁছায়। কিন্তু আশপাশে প্রাকৃতিক পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। বহু খোঁজাখুঁজি করেও কোনো পানির উৎস পাওয়া যায়নি। পরে ৬০০ গজ দূরে কর্ণফুলী নদীতে নৌকায় পাম্প মেশিন সেট করে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে দমকল বাহিনী।
আবদুল মালেক বলেন, ‘অনেক পরিশ্রম করে আমাদের কর্মীদের আগুন নেভাতে হয়েছে। নদীতে নৌকার ওপর মেশিন সেট করা যেমন কষ্টের, তেমনি পানি সরবরাহ করা আরও কষ্টের। আমরা বিপুল সম্পত্তি আগুনের হাত থেকে বাঁচাতে পেরেছি। তবে ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ওমর আলী মার্কেটের সুতার গোডাউন, স-মিল, আলকাতরা, রং, সিলভারের গোডাউন পুড়ে গেছে।
মনির/পপি/