রাজশাহীর পবায় খড়খড়ি নামে একটি হাটের দরপত্র নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ফাঁকা গুলি ছুড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হাট ইজারার দরপত্রের বাক্স একপক্ষ লুট করে নিয়ে গেছে। এ সময় শাকিলুর রহমান রন (৪২) নামে সাবেক এক যুবদল নেতা ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পবা উপজেলা চত্বরে এ সংঘর্ষ ও দরপত্র লুটের ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে টেন্ডার বাক্সটি পড়ে আছে। বাক্সটির এক পাশ খোলা এবং ভেতরে কোনো দরপত্র নেই। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে বাক্সটি উদ্ধার করলেও ভেতরে কোনো দরপত্র পাননি। জমা পড়া সব দরপত্র লুট হয়েছে।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি পবার ১২টি হাট ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। গতকাল ছিল দরপত্র দাখিলের শেষ দিন। হাটগুলোর মধ্যে খড়খড়ি হাটকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। এর ফলে ককটেলবাজি ও টেন্ডার বাক্স লুটের ঘটনা ঘটে। দরপত্র বাক্সটি রাখা ছিল ইউএনওর কার্যালয়ের নিচতলায়। সেখানে একপক্ষ আরেক পক্ষকে দরপত্র দাখিল করতে বাধা দেয়। এরপর গুলি, ককটেল বিস্ফোরণ এবং বাক্স ভেঙে সব দরপত্র লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
লুট হওয়ার আগে খড়খড়ি হাটের জন্য ৩১টি দরপত্র বিক্রি হয়েছিল। ক্রেতাদের মধ্যে অধিকাংশই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দরপত্র জমাদান শুরু হলে রাজশাহী জেলা যুবদলের সদস্য ভুগরোইল এলাকার ইফতেখারুল ইসলাম ডনি এবং পারিলা ইউনিয়ন বিএনপি নেতা রেন্টুর মধ্যে তর্কযুদ্ধ শুরু হয়। একপর্যায়ে ডনি ও নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মিলনের নেতৃত্বে বিএনপির ১০-১৫ জন নেতা-কর্মী মুখে কালো কাপড় বেঁধে ফাঁকা গুলি ছুড়ে ও ৫-৬টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা বাক্স ভেঙে সব দরপত্র লুট করে নিয়ে যায়। এ সময় রাজশাহী নগরের শাহমখদুম থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শাকিলুর রহমানের পেটে ছুরিকাঘাত করা হয়। তিনি নগরীর চন্দ্রিমা থানার ফিরোজাবাদ এলাকার সাইফুল ইসলামের ছেলে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
দরপত্র লুট হওয়ার বিষয়ে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, ১২টি হাট ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। সোমবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন। সময় ছিল সকাল ৯টা থেকে দুপুর ১টা। সকাল থেকে বেশ কয়েকটা দরপত্র জমাও পড়ে। দুপুর ১২টা ৩৫ থেকে ১২টা ৫০ এর মধ্যে কিছু দুষ্কৃতকারী এখানে এসে টেন্ডারবাক্সটা ভেঙে দরপত্রগুলো নিয়ে যায়। যদিও এখানে আগে থেকেই পুলিশ প্রহরা ছিল। কিন্তু দুষ্কৃতকারীরা সংখ্যায় বেশি ছিল। এখন ভিডিও ফুটেজ দেখে দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছি। এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘সাধারণত দরপত্র জমাদানের একাধিক সময় নির্ধারণ করা থাকে। আগামী তারিখ আছে ৬ ও ৭ এপ্রিল। ইজারা প্রক্রিয়া বাতিল হবে না।’
বিষয়টি নিশ্চিত করে নগরের শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে বলে শুনেছি। আমরা এখন সিসি ক্যামেরার ফুটেজ দেখছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমীন বলেন, হাট ইজারার টেন্ডার বাক্স লুট ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে এ বিষয়ে মামলা করা হবে।