মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্র দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে।
এর আগে গতকাল শনিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান।
এদিকে মৌলভীবাজারে শহর ও শহরের বাইরের এলাকাগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, দুই দিন আগেও তাপমাত্রা বেশি ছিল। তবে তাপমাত্রা কম থাকলেও সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ অনেকটা কমতে শুরু করে। পুনরায় সন্ধ্যার পর হিমেল হাওয়া ও শীতের প্রকোপ বাড়ে। তবে শহর এলাকায় তাপমাত্রা একটু বেশি থাকলেও গ্রাম ও চা বাগানে বেশ ঠাণ্ডা অনুভূত হয়।
এ ছাড়াও শীতের দেখা পেয়ে শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটকরা অনেকটাই খুশি। তারা বলছেন, ঠাণ্ডার মধ্যে ঘুরতে তাদের খুব ভালো লাগছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান বলেন, 'জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আগামী দুই দিন এমন শৈত্যপ্রবাহ থাকতে পারে, তবে তাপমাত্রা ক্রমেই বাড়বে।'
পুলক পুরকায়স্থ/জোবাইদা/