সাতক্ষীরার বলদঘাটা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৬ মার্চ) সকাল ১০টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আশরাফুল হক। এর আগে শনিবার রাতে সদর উপজেলার বৈকারী বিওপির আওতাধীন বলদঘাটা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক নাগরিক হলেন, ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ সিটির ৯৯৯ ধানীনিমরা চন্দ তালেব এনএচাওড়া এলাকার শেখ খলিলের ছেলে শেখ এজাজ (৩৬)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির হাবিলদার মো. সাহাবুবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল সীমান্তের মেইন পিলার ৭ ও সাব পিলার ২৮ এর কাছাকাছি আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বলদঘাটা নামক স্থানে কৌশলে অবস্থান করেন। এ সময় সে জায়গা থেকে এজাজকে আটক করা হয়।
আরও জানা যায়, ভারতীয় নাগরিক এজাজের সঙ্গে আনুমানিক ১৫ বছর আগে খুলনা জেলার দৌলতপুর থানার মহেশ্বরপাড়া এলাকার নূর মোহাম্মদের মেয়ে মায়া বেগমের (৩৫) সঙ্গে ভারতে থাকা অবস্থায় বিয়ে হয়। পরে তারা বাংলাদেশে এসে দীর্ঘ চার বছর যাবত খুলনার দৌলতপুরে বসবাস করছেন। এজাজ সেখানে ইজিবাইক চালাতেন।
এজাজেকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নাজমুল জাকির/জোবাইদা/