হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছেন রাজশাহী অঞ্চলের ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার।
বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি রাজশাহী থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের শুন্য রেখায় এসে হাজির হন। এসময় তিনি সীমান্তের জিরো পয়েন্টে কর্মরত বিজিবি ও বিএসএফ সদস্যদের সঙ্গে কিছুক্ষণ কুশল বিনিময় করে ভারত অংশে প্রবেশ করে, সেদেশের কাস্টমস কর্মকর্তা ও বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন।
এরপর তিনি হিলি স্থলবন্দরের পানামা পোর্টের সভাকক্ষে কাস্টমস কর্মকর্তা, সিএন্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
কাস্টমসের সহকারী কমিশনার নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে ভিসা প্রাপ্তির জটিলতা, ভারতের ওপারে কোয়ারেন্টাইন অফিস স্থাপনসহ ভারত থেকে পণ্য আমদানিতে বিভিন্ন জটিলতার কথা সহকারী হাই কমিশনারের কাছে তুলে ধরেন এবং বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বাড়াতে বিভিন্ন সহযোগিতা কামনা করেন।
এসময় ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার ব্যবসায়ীদের বলেন, দুই দেশের সম্পর্কের মাধ্যমে ভিসা জটিলতাসহ সকল সমস্যার সমাধান করা হবে। এছাড়াও বন্দরের পণ্য আমদানি-রপ্তানির সমস্যা সমাধানে ভারতের ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা মাধ্যমে সমাধান করা হবে।
কুদ্দুস আলী খান/মাহফুজ