চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় জলদস্যু ও ১৩ মামলার আসামি রফিক উল্লাহ পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। তাকে আবারও অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায় কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাইন্যাখালী ২নং ওয়ার্ড আসাদ ফকিরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা-পুলিশ। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার (১৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ও ট্রমাটোলজি বিভাগ থেকে পুলিশের দুই কনস্টেবল মো. আব্দুল ও মো. মামুনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান রফিক উল্লাহ। ওই দিন তাকে ছাড়পত্র দিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ।
গ্রেপ্তার রফিক উল্লাহ (৩৪) কক্সবাজারের মহেশখালীর কালারমার ছড়া নোনাবাড়ি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মহেশখালী থানায় ১৩টি মামলা রয়েছে।
ওসি মোহাম্মদ সোলাইমান জানান, অসুস্থতার কারণে গত ২৩ মার্চ তাকে কারাগার থেকে চমেক হাসপাতালের অর্থোপোডিকস অর্থোসার্জারি ব্লকে নেওয়া হয়। সেখানে ১৫ এপ্রিল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন রফিক উল্লাহ। গত বুধবার তাকে ছাড়পত্র দেওয়া হয়। এ সময় তিনি কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা হলে পুলিশের একটি দল কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে রফিক উল্লাহকে গ্রেপ্তার করে।