ময়মনসিংহের ভালুকায় মানবদেহের কঙ্কালসহ সাইফুল ইসলাম (৪৫), ফারুক হোসেন (৪৮), আলমগীর হোসেন (২৪) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২১ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সোনারবাংলা স্কুলের সামনে থেকে সেনাবাহিনী ও ভালুকার ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ কঙ্কালগুলো উদ্ধার করে।
গ্রেপ্তার সাইফুল ইসলামের বাড়ি ময়মনসিংহ সদরের চর কালিবাড়ি গ্রামে, ফারুক হোসেন সুতিয়াখালি গ্রামের এবং আলমগীর হোসেন শেরপুরের শ্রীবর্দী উপজেলার মাটিয়াকুড়া গ্রামের বাসিন্দা।
বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, রাত ১টার দিকে হবিরবাড়ি ইউনিয়নের সোনারবাংলা স্কুলের সামনে চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চালানো হয়। এ সময় ওই তিনজনের সঙ্গে থাকা একটি ট্র্যাভেল ব্যাগ দেখে সন্দেহ হলে তাদের আটকিয়ে তল্লাশি করে তিনজন মানুষের মাথার খুলি, একটি পিঠের মেরুদণ্ডসহ ৭৮টি হাড় পাওয়া গেলে এগুলো জব্দ করে তাদের গ্রেপ্তার করা হয়। তবে এ সময় আরেকজন দৌড়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, শেরপুরের বিভিন্ন কবর থেকে কঙ্কাল চুরি করে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন। এই চক্রের অন্যদেরও শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
মিন্টু/মেহেদী/