পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মসহ নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠেছে। একই সঙ্গে কলেজটির অধ্যক্ষ আবু সুফিয়ানকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
সোমবার (৫ মে) জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর নগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ২০০৪ সালে কলেজটি স্থাপিত হয়। এর পর বেশ কয়েকটি নিয়োগ হলেও কলেজ কর্তৃপক্ষ ২০০৬ সালে গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ২০১৯ সালে এমপিও ভুক্ত হয় প্রতিষ্ঠানটি। এর মাঝেও স্থানীয়রা যেন বিষয়টি জানতে না পারে সেই পন্থা অবলম্বন করে অর্থের বিনিময়ে প্রভাষক, কম্পিউটার অপারেটরসহ ৫টি পদে নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের বিষয়টি সামনে আসার পর সোমবার দুপুরে এর প্রতিবাদে কলেজ অধ্যক্ষর রুম ঘেরাও করে মানববন্ধন করে স্থানীয়রা।
একই সঙ্গে কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান দীর্ঘ দিন ধরে অনিয়ম ও দুর্নীতি করে আসছেন বলেও জানান তারা। বলেন, অধ্যক্ষ নিয়মিত কলেজে না আসলেও বেতন-ভাতা উত্তোলন করছেন। এছাড়া মেধার পরিবর্তে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গোপনে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে কলেজটি প্রতিষ্ঠার সময় স্থানীয়রা জমি দিলেও গত ২১ বছরে এখনো জমির মূল্য পান নি। তাই কলেজের অধ্যক্ষের অপসারণ ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানান তারা।
এসময় মানববন্ধনে ব্যবসায়ী ও সমাজ সেবক হামিদুল হাসান লাবু, স্কুল শিক্ষক আব্দুর রশিদ, তাসকিন পিন্টু, সামিউল করিম, আলহাজ্ব মো. পবার উদ্দিন, মোস্তফা জামান পাপ্পু প্রমূখ উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়টি জানতে গেলে কলেজটির অধ্যক্ষ আবু সুফিয়ান বলেন, যে নিয়োগের অভিযোগ ওঠেছে তা নিয়ম মেনেই প্রদান করা হয়েছে।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু বলেন, স্থানীয়রা আমার যোগদানের আগেই পূর্বের ইউএনও কাছে একটা লিখিত অভিযোগ করে। এর পর আমি যোগদান করলে তারা আরও একটি অভিযোগ করে। পূর্বের অভিযোগ ও তদন্ত প্রতিবেদনসহ দুইটা অভিযোগের তদন্ত রিপোর্ট তাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।
মো. রনি মিয়াজী/মাহফুজ