বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ মে) ভোরে উপজেলার ছয়গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার রাতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যান রিয়াজ ফকির। তিনি উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী ফকিরবাড়ি গ্রামের বাসিন্দা।
হামলায় আহত তিন পুলিশ সদস্যের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের উত্তর পাশে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে অভিযান চালানো হয়। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মামুন হোসেনের নেতৃত্বে কনস্টেবল কামাল হোসেন ও সাইমুন আল সাকিবের উপস্থিতিতে অভিযানে ১৬ ইয়াবাসহ রিয়াজ ফকিরকে আটক করা হয়।
আটকের পর দুই হাতে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলতে গেলে রিয়াজ হঠাৎ করেই কনস্টেবল কামাল হোসেনকে লাথি মেরে ও কনস্টেবল সাইমুন আল সাকিবের বুকে আঘাত করে দৌড়ে পালিয়ে যান। পরে তাকে ধরতে গিয়ে আহত হন এএসআই মামুন হোসেনও।