চট্টগ্রাম মহানগরের বাকলিয়া এলাকায় একটি নকল জুস তৈরির কারখানায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূলত কারখানাটিতে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছিল এসব জুস।
মঙ্গলবার (২০ মে) বিকালে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ মে) দিবাগত রাতে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে প্রায় দুই লাখ টাকার নকল জুস ও জুস তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পাশাপাশি এক যুবককে গ্রেপ্তার করা হয়। মূলত ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে এসব জুস তৈরি হচ্ছিল। গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার যুবকের নাম- মিজানুর রহমান (২৬)। মিজান কক্সবাজারের চকরিয়া থানার মৃত হাবিবুল ইসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, বাকলিয়া থানাধীন শাহ আমানত ব্রিজ আনসার প্লটের খালেদার মার কলোনিতে বাসা ভাড়া নিয়ে নকল জুস তৈরির কারখানাটি গড়ে ওঠে। কারখানাটির বৈধ কোনো কাজগপত্র নেই। ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে বিভিন্ন জুস তৈরি করে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছিল।