অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশের খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। আজকের দিনে খাদ্য মজুত আছে ১৫ লাখ টন। যা গত বছরের চেয়ে তিন লাখ টন বেশি।
বুধবার (২৮ মে) দুপুরে ময়মনসিংহে চলতি মৌসুমের বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুত ও বিতরণ নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে জেলা ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে এই সভা হয়।
উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, অদূর ভবিষ্যতে খাদ্য নিয়ে আমাদের কোনো ঝামেলায় পড়তে হবে না। ইতোমধ্যে সারা দেশে খাদ্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আমরা আশাবাদী আমাদের সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তবে ময়মনসিংহ বিভাগে খাদ্য মজুদের ধারণ ক্ষমতা কিছুটা কম। খুব দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, আমরা সন্তোষজনক অবস্থানে কখনো ঠিক থাকতে পারি না। কারণ এটা ক্রমাগত খরচ হচ্ছে আবার ক্রমাগত যোগ হচ্ছে। একটা ফসলই আমাদের ফসল না। দুই দিন পরে আসবে আউশ, তার পর আসবে আমন।
বিদেশ থেকে চাল আনা প্রসঙ্গে আলী ইমাম বলেন, আমাদের দরকার পড়লে বিদেশ থেকে আমদানি করি। গত বছর আমাদের বেশ আমদানি করতে হয়েছে। এবার বোরো আবাদ যেমন হয়েছে, আমনটাও যদি ভালো হয়, তাহলে বিদেশ থেকে চাল আমদানি করতে হবে না।
সভায় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ন কবীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা আবু নাঈম মো. শফিউল আলম, জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম, জেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুল কাদির, মুয়েদুর রহমান হুমায়নসহ শেরপুর, নেত্রকোণা, জামালপুরের জেলা প্রশাসক ও খাদ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান মিন্টু/মাহফুজ