বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ১২৫টি ঘর, ৭০টি দোকান ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
শনিবার (৩১ মে) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন।
এর আগে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে গত মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত স্বাভাবিকের তুলনায় ৩/৪ ফুট উচ্চতায় জোয়ার হয়। সঙ্গে প্রচণ্ড ঝড়ো বাতাস ছিল
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নিম্নচাপের প্রভাবে টানা কয়েক দিনের ভারী বর্ষণ, ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসে উপজেলার নিঝুমদ্বীপ, হরণী, চানন্দী, সুখচর, নলচিরা, চরঈশ্বর, তদরদ্দি, চরকিং, সোনাদিয়া ইউনিয়নসহ ৯টি ইউনিয়নে ১২৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া গবাদি ও গৃহপালিত ৭০টি পশু, মাটির রাস্তা ৫৭ কিলোমিটার,পাকা সড়ক ৬ কিলোমিটার, কালভার্ট ৬টি, পুকুর ৭৩টি, দোকান ৭০টি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতা দেখা দিয়েছে বিস্তীর্ণ এলাকাজুড়ে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
মেহেদী/