নোয়াখালীতে সাহেদুর রহমান দিপু (৫০) নামে সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান জব্দ করা হয়।
রবিবার (২৯ জুন) ভোররাতে নোয়াখালী পৌরসভার পূর্ব অনন্তপুর গ্রামের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাহেদুর রহমান দিপু বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত শফিকুর রহমানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনন্দধারা এলপি গ্যাসের দোকান থেকে দিপুকে আটক করা হয়। পরে তাকে তল্লাশির সময় তার দেখানো মতে ওই দোকানের সিলিংয়ের ওপর থেকে হাতলযুক্ত দেশীয় তৈরি পাইপগান জব্দ করা হয়।’
ওসি আরও বলেন, ‘দিপুর বিরুদ্ধে সুধারাম থানায় অস্ত্র আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আগেরও পাঁচটি মামলা রয়েছে।’
জেলা পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে দিনরাত কাজ করছে পুলিশ। অপরাধীদের যেকোনো তথ্য গোপনে প্রশাসনকে সরবরাহ করতে অনুরোধ জানাই।’
মজনু/সালমান/