নাটোরের সিংড়া উপজেলা মৎস্য ভাণ্ডারখ্যাত সবচেয়ে বড় বিল চলন বিলের দেশীয় প্রজাতির মাছ রক্ষায় প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ৩০০টি চায়না দুয়ারি জাল ও ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। জব্দ করা অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে জরিমানাও করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের নেতৃত্বে ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাজার ও ডাহিয়া গ্রামের একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।
ইউএনও মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরেই এ জাল দিয়ে দেশীয় প্রজাতির মাছ শিকারের মাধ্যমে মৎস্য সম্পদের ক্ষতি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় ডাহিয়া গ্রামের সরকেত মোল্লার ছেলে আরদেশ মোল্লাকে ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি বিয়াশ বাজারের জিন্নদের দোকান থেকে জব্দ করা জালগুলো ধ্বংস করা হয়।
এ অভিযানে সিংড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, সেনাবাহিনী ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা করেন।
এক প্রশ্নের জবাবে ইউএনও জানান, চলন বিলের জীববৈচিত্র ও মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। শুধু তাই নয়, চলন বিলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
কামাল/রিফাত/