গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-১৩) গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। এতে অন্তত চারজন র্যাব সদস্য আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ফাঁকা গুলি ছুড়ে র্যাব। পরে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন- অপহরণকারী লিয়ন মিয়া (২২)। তার বাড়ি উপজেলার চাঁদপুর (পূর্বপাড়া) গ্রামে। তিনি ওই গ্রামের নান্নু মিয়ার ছেলে। গ্রেপ্তার বাকি দু’জন হলেন তাজু মিয়া (২৭) ও মুন্না মিয়া (২৪)।
লিয়ন বাবু গত শুক্রবার (১১ জুলাই) দুপুরে একই উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের শাহীন মিয়ার স্কুল পড়ুয়া ১৩ বছরের কিশোরী শারিয়া মোসতারিনকে অপহরণ করে। এ ঘটনায় ওই কিশোরীর স্বজনরা ওইদিন রাতেই গোবিন্দগঞ্জ থানায় লিয়নকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করা হয়। সেই মামলায় ওই কিশোরীকে উদ্ধার ও আসামি গ্রেপ্তার করতে গেলে হামলার শিকার হয় র্যাব।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের নায়েব সুবেদার মো. নওশের আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা নয়াপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান করা হয়। এসময় ওই বাড়ি থেকে অপহৃত কিশোরী ও অপহরণকারী লিয়ন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় লিয়ন মিয়ার স্বজন ও তার সহযোগিরা সংঘবদ্ধ হয়ে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ এবং পরে র্যাবের ওপর হামলা চালিয়ে আসামি লিয়নকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় র্যাবের চারজন সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও সরকারি কাজে বাধা দেওয়ায় র্যাব ফাঁকা গুলি ছুড়ে। পরে ঘটনাস্থল থেকে লিয়ন মিয়া ও ঘটনার সঙ্গে জড়িত আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার করা অপহৃত কিশোরী ও অপহরণকারী প্রধান আসামি লিয়ন মিয়া ও তার দুই সহযোগিকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। তিনি বলেন, আজ শুক্রবার আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের নায়েব সুবেদার মো. নওশের আলী বাদী হয়ে এ মামলা করেন। এতে ২৮ জনের নাম উল্লেখ ও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই কিশোরীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রফিক খন্দকার/মাহফুজ