জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে চাঁদপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত হয়েছে। এতে তিনজন জুলাই রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
শনিবার (২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।
জেলা প্রশাসক বলেন, রেমিট্যান্স যোদ্ধারা বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্যে কৃতজ্ঞতা স্বরূপ আজ এই রেমিট্যান্স যোদ্ধা দিবস। তবে এ বছর রেমিট্যান্স যোদ্ধাদের অন্যভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ, জুলাই আন্দোলনকে তারা মনে-প্রাণে ধারণ করেছিলেন। যার ফলে আন্দোলনের মাত্রাটা ভিন্নভাবে প্রবাহিত হয়েছিল। আন্দোলনের সময় প্রবাসীরাও প্রকাশ্যে এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তৎকালীন সরকারকে চাপে ফেলতে প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দেয়। যার দরুণ তৎকালীন সরকার চাপে পড়েছিল। আপনাদের মধ্যেও অনেকে জুলাই আন্দোলনে পাশে থাকায় জেলও খেটেছেন।
তিনি আরও বলেন, চাঁদপুর থেকে যারা প্রবাসে যেতে চায়, তারা যেন যোগ্যতা সম্পন্ন হয়ে যেতে পারেন সেজন্যে প্রবাসীরা সহযোগিতা করবেন। আপনি প্রবাসে যেতে ইচ্ছুকদের সঙ্গে কাউন্সিলিং করবেন। তাদেরকে প্রবাস সম্পর্কে অবহিত করবেন। এতে আমাদের প্রবাসীদের বেতন বাড়বে ও তারা ভালো অবস্থানে যেতে পারবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিলুফা ইয়াসমিন মিতুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. সফিকুর রহমান।
রেমিট্যান্স যোদ্ধাদের পক্ষে বক্তব্য দেন মো. জামাল মোল্লা, নুর মোহাম্মদ। এনজিও সংস্থার পক্ষে বক্তব্য দেন একেএম মমতাজ উদ্দিন।
আলোচনা সভা শেষে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো তিনজনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
যারা সম্মাননা পেয়েছেল তারা হলেন- সংযুক্ত আরব আমিরাত প্রবাসী চাঁদপুর শহরের গুয়াখোলার বাসিন্দা জামাল হোসেন, হাজী মহসীন রোডের মোহাম্মদ মজিবুর রহমান ও হাজীগঞ্জ উপজেলার মো. শফিকুল ইসলাম জিয়া।
এ ছাড়াও প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন চাঁদপুর কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের অধ্যক্ষ শিরিন আক্তার, চাঁদপুর প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মো. নেছার উদ্দিন, চাঁদপুর ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মো. আলী হোসেন।
ফয়েজ আহমেদ/নাইম/