মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে ব্যবসায়ী রাজা মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে তিনটার দিকে পূর্ব শানবান্ধা গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
রাজা মিয়া কাঠ ব্যবসায়ী এবং বালিরটেক বাজার বণিক সমিতির সভাপতি।
তার ছেলে সানজিদ আহমেদ সুমন ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন।
রাজা মিয়া জানান, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ১২ থেকে ১৪ জনের একটি ডাকাত মুখোশ পরে গ্রিল কেটে বাড়িতে ঢুকে। পরে তারা দ্বিতীয় তলায় উঠে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে আলমারি ভেঙে ১৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১২ লাখ টাকা লুটে নেয়।
সানজিদ আহমেদ সুমন হোয়াটসঅ্যাপে বলেন, ডাকাতরা দেশীয় অস্ত্র, বিশেষ করে চাপাতি ব্যবহার করে আমার স্ত্রী ও সন্তানদের জিম্মি করেছিল। চিৎকার করলে ক্ষতি করার হুমকি দেয়। পরে তারা ঘরের সব মূল্যবান জিনিস নিয়ে চলে যায়।
খবর পেয়ে বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আসাদ জামান/নাঈম/