সিলেট নগরীর ভেতর দিয়ে বুধবার মৌলভীবাজার যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই তাকে স্বাগত জানানোর উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর বিএনপি। এ উপলক্ষে নগরীর চারটি পয়েন্টে নেতা-কর্মীরা অবস্থান নেবেন।
বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর তিনি সড়কপথে সিলেট নগরী হয়ে মৌলভীবাজার যাবেন। সেখানে তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো সিলেট বিভাগ সফর করছেন তারেক রহমান। তার সফরকে কেন্দ্র করে মৌলভীবাজারের পাশাপাশি সিলেট জেলাতেও উৎসবের আমেজ বিরাজ করছে।
সিলেট মহানগর বিএনপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিলেট নগরীর চৌকিদেখী পয়েন্ট, আম্বরখানা পয়েন্ট, কুমারপাড়া-নাইরপুল পয়েন্ট এবং উপশহরের রোজভিউয়ের সামনে থেকে হুমায়ুন রশিদ চত্বর পয়েন্টে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নেবেন। প্রতিটি পয়েন্টে মনিটরিংয়ের জন্য দুইজন সহ-সভাপতি ও দুইজন যুগ্ম সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন।
চৌকিদেখী পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন সহ-সভাপতি জিয়াউল গনি আরিফিন জিল্লুর ও সাদিকুর রহমান সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার ও মাহবুবুল হক চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।
আম্বরখানা পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে ১, ২, ৩, ৮, ৯, ১০, ১১, ১২, ৩৬, ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। নেতৃত্ব দেবেন সহ-সভাপতি জিয়াউল হক জিয়া ও মাহবুব কাদির শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা বেলায়েত হাসান লিটন, শাহনেওয়াজ বক্ত তারেক ও মতিউল বারী খুর্শেদ।
কুমারপাড়া থেকে নাইরপুল পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ৩২, ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। নেতৃত্ব দেবেন সহ-সভাপতি আমির হোসেন ও সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক শুয়াইব আহমদ শোয়েব ও রেজাউল করিম আলো।
উপশহরের রোজভিউয়ের সামনে থেকে হুমায়ুন রশিদ চত্বর পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ৩১, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড বিএনপি এবং ছাত্রদল, তাঁতীদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। নেতৃত্ব দেবেন সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল ও আফজাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল হাসান মঞ্জু, নাদির খান ও আবুল কালাম।
এ ব্যাপারে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর এই সফরকে উৎসবমুখর পরিবেশে সফল করতে মহানগর বিএনপি ইতোমধ্যে প্রস্তুতি সভা করেছে। সভায় সিলেট নগরীর চারটি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেতা-কর্মীদের দায়িত্বও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফর সফল ও উৎসবমুখর করতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।’
রিফাত/