পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে রাজিউল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। হত্যা না স্বাভাবিক মৃত্যু এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
রবিবার (১০ আগস্ট) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের কাউরগছ গ্রামে তার নিজ বাড়ির ২০০ থেকে ৩০০ গজ দূর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত রাজিউল ইসলাম একই গ্রামের নাজমুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, রাজিউল রাতে বাজারে যান। এর পর সেখান থেকে নদীতে মাছ মারতে যান। ধারণা করা হচ্ছে বাড়ি ফেরার পথে তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, 'মরদেহ উদ্ধারের সময় শরীরে কোন আঘাতের চিহ্ন বা কোনো আলামত পাওয়া যায়নি। নিহতের পরিবার বলছে তার বুকের ব্যথা ছিল। ধারণা করা হচ্ছে বুকের ব্যথা থেকেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।'
রনি/মৌসুমী/