টাঙ্গাইলের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন 'টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম- টিএসএফ তার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৬৪ জেলার সেচ্ছাসেবীদেরকে নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী সারা দেশের ৬৪ জেলার শতাধিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে স্বেচ্ছাসেবী এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
"সত্য সম্প্রীতি ও ন্যায়ের পথে" এ স্লোগানকে সামনে রেখে মানবতার ফেরিওয়ালাদের চেতনাকে শানিত ও আরও শক্তিশালী করতে এ অনুষ্ঠান দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী মিলনমেলা। যা স্বেচ্ছাসেবায় নতুন দ্বার উন্মোচিত হলো।
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা তানবীর হাসান খান রুবেল জানান, সংগঠনটির স্বেচ্ছাসেবীদের নিয়ে দীর্ঘ ৬ বছর যাবত মানবতার স্বার্থে অসহায় মানুষদের সেবা দিয়ে আসছেন । সংগঠনটি রক্তদান কর্মসূচি, মসজিদ মাদ্ররাসায় টিউবওয়েল স্থাপন, ঈদ উপহার, বন্যা কবলিত মানুষদের ত্রাণ বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ, গরিব পরিবারের মেয়ের বিয়েতে অর্থ দিয়ে সহায়তা, ক্যানসার রোগীদের অর্থ প্রদান, শীত বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং, জনসচেতনার লক্ষ্যে লিফলেট বিতরণসহ বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মসূচি করে যাচ্ছে।
প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা সুলতান সালাউদ্দিন টুকু, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব ঢাকা- টাঙ্গাইলের প্রেসিডেন্ট মাহমুদুল হক সানু, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা খন্দকার রাশেদুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জজ কোর্টের অতিরিক্ত পি.পি অ্যাড.জহুরুল ইসলাম (জহির), এনপিবি নিউজের সম্পাদক মো. আল হাদী তালুকদার, টাঙ্গাইল প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মোস্তাক হোসেন, মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মো. সেলিম আল-মামুন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী রেজওয়ান আহমেদ শরিফ, সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আবু নোমান, মামুন বিশ্বাস।
আয়োজকরা বলেন, এ মিলনমেলার মূল উদ্দেশ্য হলো স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে একত্রিত করা, কাজের অভিজ্ঞতা বিনিময় এবং নতুন সমাজসেবামূলক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সামাজিক উন্নয়নকে আরও গতিশীল করা। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবীদের ভূমিকা শক্তিশালী করা এবং তরুণ প্রজন্মকে সমাজসেবায় যুক্ত করা ।
অনুষ্ঠানে ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ, নারায়নগঞ্জ, খুলনা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, রংপুর, দিনাজপুর, লক্ষ্মীপুর, যশোর, নোয়াখালী, রাজশাহী, কুমিল্লা, টাঙ্গাইল,কুষ্টিয়া, সীতাকুন্ড, বগুড়া, জামালপুর, নাটোর, কক্সবাজার জয়পুরহাট, শেরপুর,চট্টগ্রাম, বান্দরবনসহ সব জেলার শতাধিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবতার সেবায় সবার সহযোগিতা সবসময় করা প্রয়োজন ।যারা মানবিকতার কাজ করে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে যাতে করে তারা নিরলসভাবে কাজ করে যেতে পারে।
অনুষ্ঠানে মানবিক সাংবাদিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় গাজী টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহেল রানা, খবরের কাগজের জেলা প্রতিনিধি জুয়েল রানা, ডিবিসি নিউজের ভিডিও জার্নালিস্ট আশিকুর রহমান ও সাংবাদিক মুক্তার হাসানকে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া ২০টির বেশি অসহায় মানুষের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।
জুয়েল/মেহেদী/