‘একজন মরে পরে আছে, পুলিশ যেন লাশ নিয়ে যায়’ এভাবেই খবর দেওয়ার পর নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে কোয়ার্টার থেকে আলেমা বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ২ টার দিকে শহরের মুন্সিপাড়া এলাকার মো. জাহিদুলের (৫০) কোয়ার্টার থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
জাহিদুল ইসলামের গ্রামের বাড়ি কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব চাপড়ায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন।
পুলিশ ও স্থানীয়রা জানান, 'গত ২ দিন আগে জাহিদুল ঢাকার বিক্রমপুর থেকে আলেমা বেগমকে তার কোয়ার্টারে নিয়ে আসেন। তার পরেরদিন থেকে ওই কোয়ার্টারে তালা ঝুলছিল। মঙ্গলবার সকালে পাশের বাড়ির ভাড়াটিয়া সেলিনা বেগমকে ফোন করে জাহিদুল ইসলাম জানান তার বাসায় একজন মরে আছে। পুলিশ যেন মরদেহ নিয়ে যায়। এ কথা বলে জাহিদুল কল কেটে দেন। এর পর পরই সেলিনার চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।'
ওসি ফইম উদ্দিন বলেন, 'রংপুরের পুলিশের ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর সরেজমিন সুরতহাল রিপোর্ট করে মরদেহ থানায় নেওয়া হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারীর মর্গে পাঠানো হবে।
এ ছাড়া নিহতের আত্মীয়-স্বজন ও জাহিদুল ইসলামকে খুঁজে বের করার চেষ্টাও চলছে বলে জানান তিনি।'
মমিনুর/মৌসুমী/