চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৪টার দিকে ভোলাহাট উপজেলার চামুচা সীমান্ত দিয়ে (বিএসএফ) বাংলাদেশে ওই ১৩ জনকে পাঠায়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চাঁনশিকারী বিওপির টহলদল তাদের আটক করে।
আটকরা হলেন- বিল্লাল হোসেন (৩২), বিষ্ণু বর্মন (৩৪), রবিউল ইসলাম (৩০), পিন্টু শেখ (৩০), আনোয়ার হোসেন (৩৬), টিটু প্রামাণিক (৩০), মেহেদী হাসান মুন্না (২৯), সেলিম (২৯), মেহের আলী (৩২), রহমত (৪০), রুলাস (৩২), তহিল উদ্দিন সিকদার (৪০) ও মোশারফ আলী (২১)।
তারা রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, কুষ্টিয়া, পঞ্চগড়, লালমনিরহাট, খুলনা, কুমিল্লা, টাঙ্গাইল ও যশোরের বাসিন্দা।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আটকরা সবাই বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তারা ২০২৩ সাল থেকে ২০২৫ সালের বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেন। অবৈধ অনুপ্রবেশের জন্য তাদেরকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে। পরে সেখানে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। সাজা শেষে ভারতীয় পুলিশ তাদের ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের কাছে হস্তান্তর করেন। পরে কাঞ্চান্টার বিএসএফ তাদের চামুচা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।
তিনি আরও বলেন, ১৯৬/২-এস এর আন্তর্জাতিক সীমান্ত পিলারের ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি তাদের আটক করে। আটকদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।
এর আগে গত ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন ও গত ৩ জুন চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করেছে বিএসএফ।
আসাদুল্লাহ/নাঈম