চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। ইউএনও, এসিল্যান্ডসহ সরকারি কর্মকর্তাদের কারণে যদি কেউ হয়রানির শিকার হন, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত গণশুনানী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।
ফরিদা খানম আরও বলেন, 'চট্টগ্রাম জেলার ১৯১টি ইউনিয়ন পরিষদের মধ্যে বর্তমানে ৩৬টিতে নেই কোনো জনপ্রতিনিধি। এর ফলে এসব এলাকায় নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় জেলা প্রশাসন সরাসরি ইউনিয়ন পর্যায়ে গিয়ে জনগণের সমস্যার কথা শোনা এবং তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করার অনন্য উদ্যোগ নিয়েছে। এটি কেবল প্রশাসনিক সেবা প্রদান নয়, বরং জনগণের আস্থার কেন্দ্রবিন্দুতে প্রশাসনকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার
এক অনন্য প্রয়াস।'
দিনব্যাপী গণশুনানিতে সলিমপুর ইউনিয়নের সাধারণ মানুষ বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সেগুলো শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলো সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন। ভূমি সংক্রান্ত জটিলতা, স্বাস্থ্যসেবা, শিক্ষার মান উন্নয়ন, রাস্তা মেরামত, বিদ্যুৎ সংযোগ, আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ-প্রধানত এসব বিষয় উঠে আসে গণশুনানিতে।
গণশুনানি শেষে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে কর্মকর্তা-কর্মচারীদের সেবা প্রদানে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুধু গণশুনানিই নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ১০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয় হয়। পাশাপাশি সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ জেলে পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক।
মুসলেহ উদ্দীন/মেহেদী/