চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা মহানগরের ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় সড়ক অবরোধ করেছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে শিক্ষার্থীরা ওই এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দীর্ঘ একঘণ্টা যান চলাচল বন্ধ রেখে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় যাতায়তকারীরা চরম দুর্ভোগে পড়েন।
এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ লিখতে না দেওয়াসহ তিন দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় বুধবার বিকেলেও ঢাকায় প্রকৌশলের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রামের চুয়েটের শিক্ষার্থীরাও সড়ক অবরোধ করেন।
এসময় শিক্ষার্থীরা নানা শ্লোগান দেন। শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
এ সময় শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘২৪-এর বাংলায়, ডিপ্লোমা কোটার ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, প্রকৌশল সমাজ জেগেছে’, ‘১ ২ ৩ ৪ ডিপ্লোমা তুই কোটা ছাড়’ শীর্ষক স্লোগান দেন।
চুয়েটের কয়েকজন শিক্ষার্থী জানান, গত বেশ কয়েক মাস ধরে চাকরিক্ষেত্রে প্রকৌশলীদের বৈষম্যের প্রতিবাদে ৩ দফা দাবিতে আন্দোলন করে আসছেন চুয়েটসহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো—নবম গ্রেডে ন্যূনতম যোগ্যতা বিএসসি রেখে পরীক্ষার মাধ্যমে নিয়োগ, দশম গ্রেডকে কোটামুক্ত করে বিএসসিদের জন্য সুযোগ করে দেওয়া এবং বিএসসি ছাড়া যেন কেউ প্রকৌশলী পদবি ব্যবহার না করতে পারে তা নিশ্চিত করা।
চুয়েট শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে পারবে না। প্রকৌশলী লিখবে শুধুমাত্র বিএসসি ডিগ্রীধারীরা। দেশে এ বৈষম্য দূর করতে হবে।
আবদুস সাত্তার/মাহফুজ