রেস্টুরেন্টে বাসি খাবার, মিষ্টির দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য ও মিথ্যা বলে প্রসাধনী সামগ্রী বিক্রি করায় চট্টগ্রামে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মহানগরের চকবাজার এলাকায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। অভিযানে আরও অংশ নেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার।
ভোক্তা অধিকারের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ‘কাঁচা মাছ মাংসের সঙ্গে ফ্রিজের মধ্যে বাসি গ্রিল, ফ্রাইড চিকেন সহ বিভিন্ন ধরনের রান্না করা খাবার বিক্রির উদ্দেশে সংরক্ষণ করায় ‘এরিস ফুড‘ নামক একটি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় একই এলাকার ‘ফুলকলি’ কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি অননুমোদিত রং, ফর্সাকারী ক্ষতিকর ক্রিম বিক্রি করায় নগরের চকবাজারের ‘ফেয়ারি‘ কে ১০ হাজার টাকা ও দেশি পণ্যকে বিদেশি বলে বিক্রি করায় ‘আর্টস অব পিয়া‘ নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।’
তারেক মাহমুদ/নাঈম