জাতীয় নারী ফুটবল দলের গোলরক্ষক ফেরদৌসি আক্তার সোনালীর বাবা ফারুক ইসলামকে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক কিনে দেওয়া হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফারুক ইসলামের হাতে ইজিবাইকের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।
ফারুক ইসলামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বনগ্রামে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক, বৈষম্যবিরোধী আন্দোলনকালীন সমন্বয়ক ফজলে রাব্বী উপস্থিত ছিলেন।
সম্প্রতি গণমাধ্যমে ‘আমি ভ্যান চালাই, আমার মেয়ে বিমানে চড়ে বিদেশে খেলতে যায়’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে ফুটবলার ফেরদৌসি আক্তার সোনালী ও তার বাবার সংগ্রামী জীবনের গল্প তুলে ধরা হয়। শিরোনামের বাক্যটিই ছিল ফারুক ইসলামের গর্বের সুরে বলা অনুভূতি। প্রতিবেদনটি নজরে এলে জেলা প্রশাসক সাবেত আলী তাদের খোঁজখবর নিয়ে পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।
গত ২৫ আগস্ট ফারুক ইসলামের বাড়িতে পরিদর্শনে গিয়ে বিশেষ সুবিধাসম্পন্ন দৃষ্টিনন্দন পাকা ঘর এবং উপার্জনের ভ্যানের বদলে নতুন ইজিবাইক কিনে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন জেলা প্রশাসক সাবেত আলী।
রনি/নাঈম/