সিলেটবাসীর নিরাপত্তায় ও অপরাধ রুখতে ‘জিনিয়া’ নামক অ্যাপ চালু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বুধবার (১ অক্টোবর) দুপুরে এসএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী এই অ্যাপের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, ‘জিনিয়া অ্যাপটি গুগল প্লে-স্টোর এবং আইওএস থেকে ডাউনলোড করা যাবে। আগামী ১৬ অক্টোবর থেকে মোগলাবাজার থানায় চালু করা হবে। পর্যায়ক্রমে সব থানায় চালু করা হবে। আমরা প্রাথমিক অবস্থায় দুটি ফিচার নিয়ে এই অ্যাপ চালু করেছি। তবে প্রায় ১৬টি ফিচার সংযুক্ত করার পরিকল্পনা করেছি। ধীরে ধীরে সব ফিচার চালু করা হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক অবস্থায় অ্যাপে যে দুটি ফিচার চালু করা হয়েছে এর একটি হলো- যেকোনো বিপদে পুলিশের সহায়তা চাওয়া। অ্যাপসের এসওএস বাটনে ক্লিক করলে এসএমপির কন্ট্রোল রুমে স্বয়ংক্রিয়ভাবে পরিচয়সহ মেসেজ আসবে। এরপর সফটওয়্যারের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত পুলিশের কাছে মেসেজ যাবে এবং পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাবে। আরেকটি ফিচার হলো ইনসিডেন্ট রিপোর্টিং। এই ফিচারের মাধ্যমে আপনারা যেকোনো অপরাধীর তথ্য পাঠাতে পারবেন। এখানে চাইলে শুধুমাত্র পুলিশ কমিশনার দেখবেন-এমন অপশনও যোগ করা আছে।
এসএমপি কমিশনার বলেন, ‘চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধারের জন্য সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। পর্যায়ক্রমে আমরা এই অ্যাপে যেসব ফিচার চালু করব সেগুলো হলো- সিসি ক্যামেরা মনিটরিং ও এআইভিত্তিক অ্যানালাইসিসের মাধ্যমে সিসি ক্যামেরা ফুটেজে কিছু পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে, পুরো শহরকে ড্রোনের নজরদারির আওতায় আনা হবে, স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, ব্লকচেইন প্রযুক্তি সাক্ষ্যপ্রমাণ ও বিচারের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে, সিটিজেন ইন্টারঅ্যাকশন নাগরিকরা জিনিয়া অ্যাপের মাধ্যমে যেকোনো বিষয়ে মতামত জানাতে ও আলোচনা করতে পারবেন, এআইভিত্তিক আইনি সহায়তা, যেকোনো সমস্যায় আইনি পরামর্শ পাওয়া যাবে।’
তিনি আরও বলেন, ‘অ্যাপকে বললে জিডির আকারে লিখে দেবে, মামলা করতে হলে অ্যাপকে বললে সুন্দরভাবে এজাহারের নিয়মে মামলা লিখে দেবে এবং যাচাই-বাছাই করে ওকে করলে তা আমাদের সিস্টেমে চলে আসবে, অন্যান্য সংস্থার সঙ্গে একীভূত ইন্ডাকশন– পুলিশ, ফায়ার সার্ভিসসহ অন্য সংস্থাগুলোকে একত্রিত করে সমন্বিতভাবে জরুরি সেবায় যুক্ত করা হবে। অ্যাপে কোনো দুর্ঘটনার খবর জানালে তা ফায়ার সার্ভিসে ট্রান্সফার করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ক্রাইম হিট ম্যাপ- কোন এলাকায় কোন অপরাধ বেশি হচ্ছে, কোথায় যানজট ইত্যাদি জানা যাবে। ট্রাফিক ফাইন জিনিয়া অ্যাপের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করা হবে। ইমারজেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস, উবার ও পাঠাও সার্ভিস এবং সিএনজির অতিরিক্ত ভাড়া ও ছিনতাই রোধে এই অ্যাপটি সহায়ক হবে। যারা সাইবার বুলিং করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এসএমপি কমিশনার নগরবাসীকে আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন, আমরা মানবিক পুলিশের স্বপ্ন দেখি।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমপির বিভিন্ন পদমর্যাদার অফিসার, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা।
এসজি/