ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ পুকুরে সাঁতার শিখতে এসে আয়মান হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সাঁতার প্রশিক্ষণে এ ঘটনাটি ঘটে। নিহত আয়মান হোসেন, সদর উপজেলার নারগুন গ্রামের আরিফ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার পুকুরে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়। তখন প্রশিক্ষণ চলাকালে ডুবে যায় আয়মান। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিস এসে তাকে খুঁজে পেয়ে হাসপাতালে নেয়। তখন কর্তব্যরত চিকিৎসক আয়মানকে মৃত ঘোষণা করেন।
অভিভাবক মাশহুর রহমান বলেন, প্রশিক্ষণে পাঠানো হয়েছে সাঁতার শেখানোর জন্য। সন্তানের মরদেহ নিয়ে যাওয়ার জন্য না। নিরাপত্তা নিশ্চিত না করার জন্য এমন মৃত্যু হয়েছে। এটা তাদের অবহেলা, এর দায় তাদেরকেই নিতে হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, সাঁতার প্রশিক্ষণে এসে শিশু মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর একটি মামলা করা হয়েছে।
নবীন হাসান/নাঈম