চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে কনসার্টে ‘শেখ হাসিনা’; ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে ভাঙচুর, গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে গোলাগুলির সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা গেছে, একটি পক্ষ কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুর করার চেষ্টা করে। এ সময় ভেতরে গুলি ছুড়তে দেখা যায়।
জানা গেছে, জিইসি মোড়ের কনভেনশন সেন্টারে একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সবার জন্য উন্মুক্ত কনসার্টের আয়োজন করে। এতে ব্যান্ড দল আর্টসেল গান পরিবেশন করতে আসেন। সন্ধ্যায় কনসার্ট শুরু হলে অনেকে ‘শেখ হাসিনা’, ‘শেখ হাসিনা’ বলে স্লোগান দিতে শুরু করেন। অনেক তা মোবাইলে ভিডিও করেন। পরে দুপক্ষের ঝামেলার কারণে কনসার্ট বন্ধ হয়ে যায়। কনভেনশন সেন্টারে ভাঙচুর করা হয়।
নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান গণমাধ্যমকে বলেন, একটি মোটরসাইকেল প্রতিষ্ঠানের অনুষ্ঠানের অনুমতি ছিল। কোনো কনসার্টের অনুমতি ছিল না। প্রদর্শনী শেষে কনসার্টের সময় স্লোগান দেওয়া নিয়ে ঝামেলা হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কনসার্ট আয়োজনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের খুলশী থানায় ডেকে নেওয়া হয়েছে।
মেহেদী/