পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রতিবেশী দেশ নেপালে আলু রপ্তানির পরিমাণ দিন দিন বাড়ছে।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এই মৌসুমে একদিনে সর্বোচ্চ পরিমাণ আলু রপ্তানি হয়েছে। এদিন রপ্তানি হয়েছে ১ হাজার ৫৭৫ টন আলু, যা আগের দিন বুধবারের ৮৮২ টনের চেয়ে প্রায় দ্বিগুণ।
জানা যায়- রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত স্টারিক জাতের এসব আলু নেপালে রপ্তানি করছে একাধিক রপ্তানিকারক প্রতিষ্ঠান।
চলতি মৌসুমে এখন পর্যন্ত নেপালে মোট ৩৩ হাজার ৭৪৭ টন আলু রপ্তানি হয়েছে। এতে দেশের বাজারে আলুর ভারসাম্য যেমন রক্ষা পাচ্ছে, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ব্যবসায়ীরা বলেন, রপ্তানির ধারা অব্যাহত থাকলে কৃষকরা আলুর ন্যায্যমূল্য পাবেন, সরকারের বৈদেশিক মুদ্রা আয় বাড়বে এবং বন্দর এলাকায় শ্রমিকদের কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।
বাংলাবান্ধা উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপ-পরিচালক নুর হাসান বলেন, নেপালে বাংলাদেশের স্টারিক জাতের আলুর চাহিদা ব্যাপক। এই মৌসুমে আজ নেপালে সর্বোচ্চ আলু রপ্তানি হয়েছে। মোট আলু রপ্তানি হয়েছে অন্তত ৩৩ হাজার টন। প্রতিদিন যেভাবে রপ্তানি বাড়ছে, তা আমাদের আশা জাগাচ্ছে। এতে ব্যবসায়ীরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি বৈদেশিক মুদ্রার আয়ও হচ্ছে।
রনি মিয়াজী/মাহফুজ