টাঙ্গাইলে “বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে” এই সুন্দর প্রতিপাদ্য সামনে রেখে শুরু হয়েছে শিশুদের আনন্দমুখর শিক্ষা নিশ্চিতের এক অনন্য উদ্যোগ। জেলার ১২টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের স্কুলমুখী করতে এবং বিদ্যালয় থেকে ঝরেপড়া রোধে ১৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড স্থাপন করা হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে সদর উপজেলার খাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, 'খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিশুদের মানসিক বিকাশ, দলগত চেতনা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যালয়ে খেলার পরিবেশ থাকলে শিশুরা নিয়মিত স্কুলে আসতে আগ্রহী হবে, ফলে ঝরেপড়ার হার অনেকটাই কমে যাবে।'
তিনি আরও বলেন, 'প্রতিটি বিদ্যালয়ে শিশুদের বয়স উপযোগী দোলনা, স্লাইড, দড়ি লাফ, ব্যালান্স বোর্ডসহ বিভিন্ন প্লে-সামগ্রী বসানো হবে। এতে শিশুরা আনন্দের মধ্য দিয়ে শেখার সুযোগ পাবে।'
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন মোহন্ত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রনি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান, সাধারণ সম্পাদক শামীম আল মামুন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্লেগ্রাউন্ড স্থাপনের ফলে শিক্ষার্থীদের স্কুলে আসার আগ্রহ বেড়ে যাবে। আগে অনেক শিশুই পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলত, কিন্তু খেলার সুযোগ থাকলে তারা আনন্দের সঙ্গে বিদ্যালয়ে সময় কাটাতে পারবে।
অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের সন্তানরা এখন শুধু বই নয়, খেলাধুলার মাধ্যমে শেখার সুযোগ পাচ্ছে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
ছাত্র-ছাত্রীরা বলে, আগে আমরা মাঠে খেলতাম এখন অনেক নতুন খেলা করতে পারব।
জুয়েল হিমু/মৌসুমী/