জিআই স্বীকৃত ও স্বাদে গন্ধে অতুলনীয় উত্তরের ঐতিহ্যখ্যাত হাঁড়িভাঙ্গা আম সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে বাজারে আসছে। অতিবৃষ্টির কারণে আমের ফলন এবার কিছুটা কম হলেও নেই আগের মত চিরচেনা রং। তবুও ৩০০কোটি টাকা বাণিজ্যের আশা করছে কৃষি বিভাগ ও আম চাষিরা।
রংপুর কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রায় ২ হাজার হেক্টর জমিতে হাঁড়িভাঙ্গা আমের আবাদ হয়েছে।
সোমবার (১৫ জুন) বেলা ২টায় রংপুরের বদরগঞ্জ উপজেলার পদাগঞ্জ এলাকায় চাষী ও ব্যবসায়ীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে এই আমের বাজারজাতকরণের উদ্বোধন করবেন জেলা প্রশাসন ও কৃষি বিভাগ।
তবে আনুষ্ঠানিকভাবে এই আম উদ্বোধনের এক সপ্তাহ আগে থেকেই রংপুরের বাজারজুড়ে ছয়লাভ হয়েছে ভ্রাম্যমাণের বেচাকেনার। বর্তমানে এই আম পাইকারি দরে বিক্রি হচ্ছে (কাঁচা) প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা। আর (পাকা) আম বিক্রি করছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে। তবে এবার ফলন কিছুটা কম হলেও দাম গতবারের তুলনায় কেজিতে ১০ থেকে ২০ টাকা বাড়তি থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে যে হাট ঘিরে হাঁড়িভাঙার বিকিকিনি হয়, সেই হাট এলাকার ব্যবসায়ী ও আম চাষিদের মধ্যে অস্বস্তির শেষ নেই। একদিকে ফলন কম অন্যদিকে হাঁড়িভাঙার রাজধানীখ্যাত পদাগঞ্জ হাটের বেহাল দশা। বাইপাস সড়কগুলোও কর্দমাক্ত অবস্থায় দুর্ভোগের শেষ নেই। পাশাপাশি কাগজে-কলমে জিআইপণ্যের স্বীকৃতি পাওয়া এই আমের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা কাটছে না চাষিদের।
সকালে পদাগঞ্জ এলাকা ঘুরে কথা হয়, পদাগঞ্জ বাজারের আম ব্যবসায়ী সজীব শেখ জানান, প্রতিবছর জিআইপন্য খ্যাত এই আমের হাট ৫০ লাখ টাকার উপরে ইজারা ডাক হয়। কিন্তু এই হাটটিতে এটি আধুনিক আম বিক্রির সেটের দাবি করে করা হলেও সেই দাবিটি থেকেছে উপেক্ষিত ফলে কাদামাটিতেই বিক্রি করতে হয়।
হাঁড়িভাঙ্গা আমের প্রবর্তক নফল উদ্দিন পাইকারের ছেলে ও আমচাষি আমজাদ হোসেন পাইকার বলেন, ‘দীর্ঘদিন ধরে শুনছি কৃষি গবেষণা ইনস্টিটিউট এই আমের সংরক্ষণকাল বাড়ানোর জন্য গবেষণা করছে। কিন্তু এখনো এর বাস্তব সুফল পাইনি। জিআই স্বীকৃতি পাওয়ার পরও উৎপাদন ও বাজার ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি বলে ক্ষুব্ধ তিনি।’
আমজাদ হোসেন বলেন, ‘হাঁড়িভাঙ্গার রাজধানীখ্যাত পদাগঞ্জ এলাকায় রাস্তার অবস্থা খারাপ, নেই পর্যাপ্ত আবাসন, ব্যাংকিং সুবিধা কিংবা স্থায়ী বিপণন শেড। এসব সমস্যা দ্রুত সমাধান করা জরুরি।’
কৃষি বিভাগ ও চাষিদের মতে, জুনের তৃতীয় সপ্তাহ থেকে বাজারে পরিপক্ব ও উন্নত মানের হাঁড়িভাঙ্গা আম পাওয়া যাবে। এর আগে বাজারে ওঠা আমের বেশিরভাগই অপরিপক্ব হতে পারে। প্রকৃত স্বাদ পেতে জুনের মধ্যবর্তী সময় পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
বিষমুক্ত ও অতি সুমিষ্ট আঁশহীন হাঁড়িভাঙা আমের চাহিদা বাড়ছে দিন দিন। কয়েক বছর ধরে ফলন ভালো হওয়ায় বেড়ে চলেছে আম উৎপাদনের পরিধিও। রংপুর সদর, মিঠাপুকুর ও বদরগঞ্জ উপজেলার বিস্তৃত এলাকার ফসলি জমি, বাগানসহ উঁচু-নিচু ও পরিত্যক্ত জমিতে চাষ হচ্ছে এই আম। অভাব গুছিয়ে সচ্ছলতা ফিরছে হাজারো পরিবারে। এই আমের মৌসুম ঘিরে মৌসুমীভাবে নানাভাবে কর্মযজ্ঞে জীবন জীবিকায় কর্মসংস্থান সৃষ্টি হয় প্রায় ৩০ হাজার লোকের।
তবে জিআই স্বীকৃতি মিললেও এই আমের বাণিজ্যিক প্রসার নিয়ে চাষি ও ব্যবসায়ীদের রয়েছে চাপা ক্ষোভ। চাষীদের অভিযোগ রয়েছে কৃষি গবেষণা ইনস্টিটিউটের দীর্ঘ সময়ের চলমান আমের লাইফলাইন নিয়ে কাজের অগ্রগতি নিয়েও।
৭০ বছর আগে ডিমলার রাজা তাজবাহাদুর সিংয়ের বাগানবাড়ি থেকে একটি কলম চারা নিয়ে এসে লাগিয়েছিলেন মিঠাপুকুরের খোড়াগাছ ইউনিয়নের তেকানি গ্রামের নফল উদ্দিন পাইকার। সেই গাছ থেকেই আজকের হাঁড়িভাঙ্গা আম। যা এই অঞ্চলের প্রান্তিক অর্থনীতিকে করেছে চাঙ্গা।
কৃষি বিভাগের তথ্য মতে, এবার রংপুর জেলায় প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমিতে হাঁড়িভাঙা আম আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ২ হাজার হেক্টরের বেশি জমিতে চাষ হয়েছে। প্রতি হেক্টরে হাঁড়িভাঙা আম প্রায় ১০ থেকে ১২ টন ফলন হয়।
কৃষি সম্প্রসারণ রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম জানান, শিলাবৃষ্টিতে হাঁড়িভাঙা ঝড়ে পড়লেও ফলন ভালো হয়েছে। আকার বড় হয়েছে। তাই কৃষকরা পুষিয়ে উঠতে পারবেন। এবার ৩০০ কোটি টাকারও বেশি হাঁড়িভাঙা বেচাবিক্রি হবে। যা এই অঞ্চলের প্রান্তিক অর্থনীতিকে সমৃদ্ধ করবে।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের বলেন, ‘জিআইপণ্যখ্যাত হাঁড়িভাঙা আমের আনুষ্ঠানিকভাবে বাজারজাত আজ দুপুর থেকে শুরু হবে। যেহেতু এবার একটু ফলন কম হয়েছে। সুতরাং আমের বাজার মূল্য এবার চাষিরা ভালোই পাবেন বলে মনে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘অবকাঠামোগত যে অসুবিধা, ব্যাংকিংসহ রাস্তাঘাট এবং নিরাপত্তা সেসব বিষয় আমাদের নজরে এসেছে। কিভাবে এগুলোর সমাধান করা যায় তা নিয়ে আমরা কাজ করছি। এছাড়া রপ্তানির ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো আমরা দূর করার চেষ্টা করছি। ২০২৪ সালের ১২ এপ্রিল জিআই বা ভৌগলিক পণ্যের স্বীকৃতি পায় হাঁড়িভাঙা আম।’
সেলিম/রিফাত/