চট্টগ্রামের ফটিকছড়িতে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বৈকুণ্ঠ চন্দ্র নাথ (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে বৈকুণ্ঠ চন্দ্র নাথকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। অভিযুক্ত ব্যক্তি প্রবাসী সুব কান্তি নাথ কাঠের বাটাম দিয়ে বৈকুণ্ঠের মাথায় আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় বৈকুণ্ঠ চন্দ্রকে প্রথমে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বৈকুণ্ঠের পরিবার বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ফটিকছড়ি থানায় একটি মামলা করে। মামলায় সুব কান্তি নাথকে প্রধান আসামি করা হয়। মামলার অপর আসামি টিংকু রাণী নাথ।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, ‘ঘটনার পরপরই একটি মামলা করা হয়েছিল। এই ঘটনায় অভিযুক্ত টিংকু রাণী নাথ আটক আছেন। আমরা জানতে পেরেছি, গুরুতর আহত বৈকুণ্ঠ চন্দ্র নাথ মারা গেছেন। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
নাজমুল/এসজি/