মাদারীপুরের শিবচর উপজেলায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ।
রবিবার (৯ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মতি মিয়া (৬৫) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড়হাটি গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে কয়েকদিন আগে পরিবারসহ মাদারীপুরের শিবচরে এসে অবস্থান করছিলেন তিনি।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে রবিবার আনুমানিক রাত ১টার দিকে মতি মিয়াকে কোদাল দিকে কুপিয়ে ও আঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করে তার ছেলে ফারুক মিয়া (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল থেকেই পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে ফারুক তার বাবার সঙ্গে ঝগড়া করেন। পরে সবাই ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় বাবাকে কোদাল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন ফারুক। এতে ঘটনাস্থলেই মতি মিয়ার মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’
রফিকুল/এসজি/